Monday, July 14, 2014

আমার কুইজ কথা।



বিশ্বনাথ দাশগুপ্ত।

কেন কুইজ করি? কবে থেকে কুইজ করি? কি ভাবে কুইজ করি?...
গত কুড়ি বছরে, নানা কুইজের আসরে বহুবার আমি এই সব প্রশ্নের সম্মুখীন হয়েছি। কিন্তু সে ভাবে গুছিয়ে কোনও উত্তর কারোকে দেওয়া হয়ে ওঠেনি। তাই এবার কুইজের পত্রিকার বিশেষ শারদ সংখ্যায় লিখবার আমন্ত্রণ পেয়ে মনে হল এই সুযোগে ছোট করে এই প্রশ্নগুলোর উত্তর জানিয়ে রাখি। প্রথমেই জানিয়ে রাখি একেবারে প্রফেশনাল কুইজমাস্টার হয়ে কেবলই কুইজ করব আর কুইজ নিয়েই থাকব এই ভেবে বা এই লক্ষ্যে কিন্তু আমি কোনওদিন কুইজ করতে আসিনি বা করিনি। কুইজ মানে প্রশ্নোত্তরের বিশেষ খেলাকে যে কবে ভালোবেসে ফেলেছিলাম তা ঠিক মনে পড়েনা। ছোটবেলা থেকেই বই এর পোকা ছিলাম। আর আমার বাবা নিরন্তর যোগান দিয়ে যেতেন নানা বিষয়ের বইয়ের। স্বাভাবিক ভাবেই প্রথমে তা ছিল নানা গল্পের বই। মূলত: অ্যাডভেঞ্চারের ও গোয়েন্দা গল্প আর নানা বিখ্যাত বিদেশী বইয়ের  অনুবাদ। এরই মাঝে কবে যেন বাবা আমাদের দুই ভাইকে কিনে দিয়েছিলেন চার খণ্ডের বই ‘ছোটদের বিশ্বকোষ’। সেই বই আমার সামনে জানার এক নূতন দুনিয়া খুলে দিয়েছিল। এরই মাঝে হাতে এসেছিল আরেক দুর্লভ পত্রিকা, যা এখনও আমার মতে পৃথিবীর সেরা পত্রিকা, তা হল ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন, এবং বিগত প্রায় বছর দশেক ধরে আমি নিজে সেই ম্যাগাজিনের গ্রাহক। আমি ষাঠের দশকের শেষ এবং সত্তরের দশকের প্রথম দিকের কথা বলছি। তখন না ছিল টিভি, না ছিল মোবাইল, না ছিল দোকানে দোকানে এত বিদেশী বইয়ের ছড়াছড়ি। আমার জেঠুমণি থাকতেন রাঁচিতে। সেই সময়ে উনি আমেরিকা থেকে ডাক যোগে ওই মাসিক পত্রিকা নিয়মিত আনাতেন। ছয়-সাত মাস অন্তর জেঠুমণি তাঁর পড়া হয়ে যাওয়া পত্রিকা গুলি নিয়ে আসতেন কলকাতায় আমাদের (আমি আর আমার ভাই) জন্য। সেই সব বই আর পত্রিকা আমাদের কাছে ছিল আলাদীনের আশ্চর্য ভাণ্ডার। এত কিছু যে জানার আছে, আর সেই জানাটা যে কত আনন্দের, কত মজার, আর তা কিন্তু অ্যাডভেঞ্চারের গপ্প বা গোয়েন্দা গপ্পের থেকে কিছু কম আকর্ষণীয় নয় তা বুঝেছিলাম সেই পত্রিকা হাতে পেয়ে। সে বয়সে ইংরেজি যে সব বুঝতাম এমন নয়, কিন্তু সেই সব ছবি ঘণ্টার পর ঘণ্টা খুঁটিয়ে দেখে যে কত কিছু শিখেছিলাম তা পরে বুঝেছি। জেনেছিলাম, যে জানতে গেলে কেবল মাত্র বই পড়লেই চলবে না, দেখতে হবে, শুনতে হবে সমান ভাবে। আর একটা গুরুত্বপূর্ণ সম্বন্ধের আভাষ পেয়েছিলাম সেই বই পড়তে পড়তে, যা নাকি পরবর্তী কালে আমার সমস্ত কাজের এক মূল উদ্দেশ্য, একটা ফোকাল পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে, তা হল যে বিষয়েই জানি না কেন, আর তা যতই বিপরীত ধর্মী হোক না কেন, সাহিত্য, শিল্পকলা, অর্থনীতি, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, জীববিদ্যা, মানুষের খাবারদাবার, আচার ব্যবহার, ভাষা যা হোক, সব বিষয়ের অন্তরে এক নিবিড় যোগাযোগ আছে। আর ছিল তখনকার অন্যতম শ্রেষ্ঠ খবরের কাগজ দ্য স্টেটসম্যান। স্টেটসম্যান পড়ে কত কিছু যে জেনেছি শিখেছি তাঁর ইয়ত্তা নেই। সব চেয়ে ভালো লাগত শিল্পী ডেসমন্ড ডয়েগ এর সম্পাদনায় কিশোর-কিশোরীদের নিজেদের মনের মত কাগজ ‘জুনিয়র স্টেটসম্যান’ বা সংক্ষেপে ‘জে এস’। এরকম অসাধারণ মাপের কাগজ আমাদের দেশে খুব কমই হয়েছে। ‘জে এস’ হঠাৎ বন্ধ হয়ে যাওয়াতে অসম্ভব কষ্ট পেয়েছিলাম। সেই থেকে মনে মনে স্বপ্ন দেখতাম যে বড় হলে আমি কোনোদিন নিজে এরকম একটা কাগজ বার করবো। এরকম এক খোলা আবহাওয়ায় বেড়ে উঠেছিলাম বলে ছোটবেলা থেকেই যে কোনও বিষয় নিয়ে জানতে ভালই লাগত। জানতে গিয়ে মনে হয়নি যে এটা খারাপ ওটা ভাল। এই ভাবেই চলছিল নিজের সাধ্যমত নানা বিষয়ে জানা ও পড়াশোনা। আমার বাবা ছিলেন ডাক্তার, বাবা আর জেঠুমণি দুই জনেই ছোটবেলা থেকেই পড়ার বইয়ের বাইরে পড়ার বিষয়ে আমাদের প্রবল ভাবে আগ্রহী করে তোলেন। সে খিদে এখনোও তো মেটেইনি বরং তা দিন দিন বৃদ্ধি পেতে পেতে এখন এক আসক্তি বা addiction এ দাঁড়িয়েছে। এ ছাড়া সেই দুজনেরই একটা বিরাট গুণ ছিল, তা হল গল্পের ছলে খুব কঠিন বিষয় কে জলের মত সহজ করে বুঝিয়ে দেওয়া, যাকে আমরা এখন বলি simplification of knowledge। এ যে কোনও শিক্ষকের এক বিরল গুণ। এই গুণ, যা মুলতঃ তাঁদের থেকে অর্জন করেছিলাম, তা কিন্তু পরে আমার কুইজের কাজে বিরাট সহায় হয়েছিল।

ষাঠের দশকের মাঝামাঝি থেকে সত্তরের শেষ বেলার যে সময়টিতে আমরা বেড়ে উঠেছিলাম তখন কিন্তু কুইজের জনপ্রিয়তা এখনকার মত একেবারেই ছিল না। কুইজ বলতে তার নামের সাথে সমার্থক একটা নাম আমরা স্কুল ছাত্ররা জানতাম, তা হল নীল ও’ব্রায়েন, যিনি ১৯৬৭ সালে কলকাতার ক্রাইস্ট দ্য কিং চার্চের প্যারিস হলে আমাদের দেশের প্রথম ওপেন কুইজ পরিচালনা করে এদেশে কুইজ চর্চার সূত্রপাত করেছিলেন। তখন আমরা অধীর আগ্রহে টেলিগ্রাফ কাগজে ও পরে আনন্দমেলা পত্রিকায় শ্রী ও’ব্রায়েন এর লেখা কুইজ কলাম পড়ার জন্য অপেক্ষা করতাম। কত যে বিচিত্র বিষয়ে জেনেছি সেই লেখা পড়ে, যা আজও সম্পদ হয়ে আছে। আর বছরে একবার কলকাতার ডালহৌসি ক্লাবে বসত (এখনও বসে) নীল ও’ব্রায়েন এর কুইজের আসর, কত বাঘা বাঘা কুইজার্ড দের দেখেছি সেখানে অংশ গ্রহণ করতে। এছাড়া অপ্রতিরোধ্য আকর্ষণ ছিল প্রতি রবিবার বেলা বারোটায় রেডিওতে আমীন সায়ানী পরিচালিত ‘বোর্নভিটা কুইজ কন্টেস্ট’... প্রশ্নের পরে সেই দম বন্ধ করা টিক টক শব্দটা এখনও কানে বাজে। 

পড়তাম কলকাতার পাঠ ভবন স্কুলে। সেখানেও পড়ার বইয়ের বাইরে নানা বিষয়ে জানার জন্য বিশাল সম্ভারের ব্যবস্থা ছিল। স্কুলের অসাধারণ সব শিক্ষক শিক্ষিকারা তো ছিলেনই, তা ছাড়াও যেমন পুরানো কলকাতার ইতিহাস আর নাটক (বিশেষ ভাবে রবীন্দ্রনাথ ও শেক্সপীয়র) নিয়ে শুনেছি পড়েছি শমীক বন্দ্যোপাধ্যায়ের কাছে; আধুনিক বিজ্ঞানের নানা বিষয়ে জেনেছি পার্থ ঘোষ এর মত বিশ্বখ্যাত পদার্থবিদের কাছে; গানের তালিম (যদিও আমি জন্ম অ-সুর) পেয়েছি জ্যোতিরীন্দ্র মৈত্র’র কাছে; আজকের যা পপ-সায়েন্স বা জনপ্রিয় বিজ্ঞান ও বিজ্ঞানের ইতিহাস তা নিয়ে স্লাইড সহযোগে অবিস্মরণীয় সব বক্তৃতা শুনেছি শঙ্কর চক্রবর্তী মশায়ের কাছে। আবার সামগ্রিক ভাবে ইতিহাস ও বিশেষ ভাবে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে ঘণ্টার পর পর ঘণ্টা মুগ্ধ হয়ে শুনেছি চিন্মোহন সেহানবীশ আর নিরঞ্জন সেনগুপ্তের কথা; শুনেছি ঐতিহাসিক গৌতম চট্টোপাধ্যায়ের কথা... আর প্রকৃতির কথা, গাছপালার কথা, বনজঙ্গল বাঘ শিকারের আশ্চর্য সব রোমহর্ষক গল্প শুনতাম আমাদের স্কুলের গ্রন্থাগারিক, শিব দা, ‘সুন্দরবনের আর্জান সর্দার’ নামে জনপ্রিয় বিখ্যাত বইয়ের লেখক শিবশঙ্কর মিত্র কাছে। শুধুকি তাই স্কুল থেকে মাঝে মাঝেই বিড়লা টেকনোলজিকাল মিউজিয়ামে বা ব্রিটিশ কাউন্সিলে নানা তথ্যচিত্র দেখাতে বা নিজের শহর কলকাতার নামি অনামা সব রাস্তা বাড়ি চেনাতে এইসব বিখ্যাত জনেরা আমাদের নিয়ে যেতেন, আমাদের সাথে ঘুরতেন, সব কিছু চেনাতেন। এই ভাবেই সেই কেনেথ ক্লার্কের বিখ্যাত টেলিভিশন ডকুমেন্টারি ‘সিভিলাইজেশন’ যেমন কলকাতায় টিভি আসার অনেক আগেই দেখে নিয়েছিলাম, তেমনি অনেক ছেলেবেলায় কলকাতা ও তাঁর ইতিহাস নিয়ে জানার এক তীব্র আগ্রহ জন্মেছিল। এই সব আবহাওয়ায় থেকে স্কুলে নানা বিষয় নিয়ে সেই সময়েই নানান মজার কুইজ করবার চল ছিল। কিন্তু তখন ভাবিনি যে পরে এই কুইজের কাজেই ডুবে থাকবো আর নিজে কুইজমাস্টার হব। স্কুলে পড়তে পড়তে কিন্তু দুটো ইচ্ছে মনের মধ্যে প্রবল হয়ে উঠছিল, তার একটা হল বড় হয়ে এমন একটা কিছু করব যার সাথে বইপত্তরের এবং অনেককিছু জানার এক নিবিড় যোগ আছে; আর আরেকটা, ছোটবেলা থেকেই ভাল ছবি আঁকতে পারতাম বলে, স্কুলের পড়া সাঙ্গ করে আর্ট কলেজে ছবি আঁকা নিয়ে পড়বো। 

এই ভাবেই নানা বিষয় জানার মজায় মেতে স্কুল জীবনের পাট চুকিয়ে ছবি আঁকা শিখতে রবীন্দ্র-ভারতী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছিলাম ও এক সময় পাঠান্তে কর্মজীবনেও প্রবেশ করলাম। কিন্তু এর ফাঁকে ওই বাইরের পড়াশোনা বিশেষ করে পপুলার সায়েন্স নিয়ে পড়াশোনাটা অব্যাহত ছিল। অমৃতবাজার পত্রিকা ও যুগান্তর কাগজের কাজ দিয়ে কাজের জীবন শুরু করে এক সময় নিজের পড়াশোনার ও ছবি আঁকার জন্য আরো বেশী সময় পাওয়া যাবে এই টানে বেশ কয়েক বছর কাজের পর একদিন কাগজের কাজ ছেড়ে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলাম সাউথ পয়েন্ট স্কুলে। সাউথ পয়েন্ট স্কুলেই নীল ও’ব্রায়েন এর কনিষ্ঠ পুত্র ব্যারী ও’ব্রায়েন কে সহকর্মী ও বন্ধু হিসেবে পাই। ব্যারীর সান্নিধ্যেই আমার প্রথাগত কুইজের এক প্রকার হাতে খড়ি হয়ে ছিল। কয়েক বছরের মধ্যেই আমাদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। স্কুলে কাজ করতে করতে আমরা দুই জনেই চেষ্টা করছিলাম, স্কুলের সিলেবাসের আটোসাঁটো পড়াশোনাকে কি ভাবে আরও আকর্ষক করা যায়, কি ভাবে ছাত্র ছাত্রীদের লব্ধ জ্ঞানকে কেবল মাত্র পড়া মুখস্থ’র মধ্যে সীমাবদ্ধ না রেখে তা তাঁদেরকে দিয়ে প্রয়োগ করানো যায়, কি ভাবে জানার প্রচেষ্টা পদ্ধতিকে আরও মজার করা যায়, যাতে ছাত্র-ছাত্রীরা বোঝে যে learning is fun। লেখাপড়া করবার পদ্ধতি নিয়ে আমাদের নানা ভাবনা চিন্তা’র প্রয়োগ করবার এক আদর্শ মাধ্যম হিসেবে আমরা স্বাভাবিক ভাবেই কুইজকে বেছে নিয়েছিলাম, তাঁর অন্যতম কারণ অবশ্যই ছিল কুইজ মাস্টার হিসেবে ব্যারী ও’ব্রায়েন এর অপূর্ব সহজাত দক্ষতা। যে কোনও বিদ্যালয়ের কিছু বাঁধাধরা নিয়মকানুন পঠন-পদ্ধতি থাকে, সব সময় স্কুলে থেকে, তাঁর বাইরে গিয়ে কাজ করা সম্ভব হয়ে ওঠে না। তাই বেশ কিছু বছর এক সাথে কাজ করবার পর, আমরা দুইজনেই  বুঝছিলাম, যে স্কুলের বাঁধাধরা চার দেওয়ালের ক্লাসঘরের বাইরে আমাদের জন্য অন্য এক বড় ক্লাস ঘর আছে আর সেখানে আমরা আমাদের নিজের সুখে নিজের ইচ্ছেমত নানা পরীক্ষা নিরীক্ষা চালাতে পারব। শেষে একদিন বছর কুড়ি আগে সেই নিজেদের কাজের ইচ্ছের তাগিদে, আমরা দুই জনেই স্কুলের কাজে ইস্তফা দিয়ে শুরু করেছিলাম আমাদের দুইজনের নূতন প্রচেষ্টা, আমাদের কোম্পানি হেরিটেজ।

সেই শুরু। তারপর কুড়ি বছর কেটে গেছে। এর মধ্যে অসংখ্য কুইজ রিসার্চ করেছি ,করছি, তৈরি করেছি নিত্য নূতন নানা কুইজ রাউন্ড। ছোট্ট ঘরোয়া কুইজের আসর থেকে নিয়ে দেশ জোড়া নানা শহরে বিরাট সব কুইজের আসর সবই সংগঠিত করবার অভিজ্ঞতা হয়েছে। আরম্ভ করেছিলাম ক্যাসেট প্লেয়ার আর স্লাইড প্রোজেক্টার দিয়ে তারপর এরই মধ্যে কম্পিউটার এর ব্যাপক প্রসারের ফলে, কি রিসার্চ বা কি কুইজের নানান রাউন্ড, সব কিছুতেই টেকনোলজির এক বিরাট প্রভাব পড়েছে এবং ব্যাপক উন্নতি হয়েছে। প্রচুর আসরে, স্কুলে কলেজে ব্যাবসায়িক প্রতিষ্ঠানে রেডিওতে টেলিভিশনে কুইজমাস্টার হিসেবে অবতীর্ণ হয়েছি। দীর্ঘ বছর বিভিন্ন কাগজে পত্রপত্রিকায় নিজে ও ব্যারী ও’ব্রায়েন এর সাথে কুইজ কলাম লিখেছি ও লিখছি। রিসার্চ করেছি, ডিজাইন করেছি জেনারেল নলেজের অনেক বই, কুইজের বই, স্কুলের অন্যান্য টেক্সট বই।

হেরিটেজ এ কাজ শুরু করে আস্তে আস্তে কুইজ নিয়ে নিত্য নূতন নানা সফল পরীক্ষা নিরীক্ষা করা ছাড়াও অন্যদুটি স্বপ্ন আমার সফল হয়েছিল। প্রথম হল কুইজের গুরু নীল ও’ব্রায়েন এর সান্নিধ্যে আসা এবং তাঁর কাছ থেকে শুধু কুইজ করা শেখা নয়, কি ভাবে পড়াশোনা করতে হবে, কি ভাবে রিসার্চ করতে হবে, কি কি পড়তে হবে, কি রেফারেন্স বই দেখতে হবে, কোন রেফারেন্স প্রামাণ্য, কি ভাবে প্রশ্ন করতে হবে, প্রশ্নের যাথার্থতা কি এবং কেন এসবের প্রাথমিক পাঠ নিয়েছি দিনের পর দিন। কি ভাবে বই তৈরি করতে হয় তাঁর বিরাট শিক্ষা পেয়েছি তাঁর থেকে। নিজের করা প্রশ্ন নিয়ে তাকে দিয়ে যাচাই করিয়েছি বছরের পর বছর। নিবিষ্ট মনে লক্ষ্য করেছি তাঁর অনন্য রিসার্চ পদ্ধতি। এসব আমার জীবনের এক শ্রেষ্ঠ পাওয়া। সত্যিকারের জ্ঞানীগুণী মানুষেরা যে শিশুর মতন সরল হন তা নীল ও’ব্রায়েনকে একেবারে কাছ থেকে না দেখলে জানতে ও বুঝতে পারতাম না। আরেকটি যে স্বপ্ন এই হেরিটেজ এ কাজ করতে করতে আমি আমার বন্ধু ব্যারী ও’ব্রায়েন এর সক্রিয় সহযোগীতায় সফল করতে পেরেছি তা হল স্কুলের ছাত্রছাত্রীদের জন্য সেই ‘জে এস’ এর মত এক খানা খবরের কাগজ তৈরি করতে। তারই ফলে আজ জন্ম নিয়েছে আমার কাগজ “দ্য টেলিগ্রাফ ইন স্কুলস” বা সংক্ষেপে “টি টি আই এস”। এবিপি গ্রুপের প্রকাশনায় চোদ্দ বছর হল এই “টি টি আই এস” কাগজ চলছে, আমার স্বপ্নের কাগজ, সেই ‘জে এস’ এর মত হয়েছে কি না তাঁর বিচারে না গিয়ে জানাই এই বছর “টি টি আই এস” আবার নবীন পড়ুয়াদের কাগজ হিসেবে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েসন অব নিউজপেপার্স (WAN) এর বিচারে বিশ্ব সেরা নির্বাচিত হয়েছে। এই নিয়ে দুইবার “টি টি আই এস” এই সম্মান পেল। ২০০৪ সালে প্রথমবার “টি টি আই এস” এই সম্মান পেয়েছিল। কুইজের কথা বলতে গিয়ে কাগজ করবার গাজন গাইবার একটাই কারণ আমি এবং ব্যারী কেউই ঠিক প্রফেশনালি কেবল কুইজই করবো বা কুইজমাস্টার হব এরকম মনে করে কাজ আরম্ভ করিনি। আমরা দুইজনেই আদতে ছিলাম শিক্ষক এবং এখনও তাই আছি। আর এই শিক্ষা পদ্ধতি, বিশেষ ভাবে স্কুল শিক্ষা ব্যবস্থায় নানা বিষয় ও তাঁর পঠন-পাঠন পদ্ধতি নিয়ে নানা চিন্তা ভাবনাকে প্রয়োগ করবার জন্যই আমরা যেমন এক দিকে কুইজকে বেছে নিয়েছি, তেমনি ভিন্ন ধরণের বই লিখেছি, আবার “টি টি আই এস” এর মত কাগজ করেছি, এর সাথে আবার বিভিন্ন স্কুলে কলেজে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের জন্য ব্যতিক্রমী নানা কর্মশালা করেছি। ভিন্ন ধরনের এই সব কাজের একটাই মূল উদ্দেশ্য, তা হল ওই  যে নানা বিষয় জানাটা কে তাঁর পদ্ধতিটাকে মজাদার করে তোলা। ছেলে মেয়েরা যাতে কেবল পরীক্ষার পড়া করবো বলে বই মুখস্থ না করে মজা করে জেনে নিজেরা তা খেলার ছলে প্রয়োগ করে অর্থাৎ যাতে application of knowledge টা হয়। আর এর সাথে ছোটরা যাতে আমাদের করা কুইজের বিভিন্ন প্রশ্ন, রাউন্ড এর মাধ্যমে, বইয়ে প্রশ্নের বদলে দেওয়া নানা খেলার মাধ্যমে, কাগজে লেখা নানান বিষয়ে আকর্ষক তথ্যের মাধ্যমে বোঝে যে সব বিষয়ের মধ্যে একটা সমন্বয় আছে, আছে এক নিবিড় সম্পর্ক। তাঁদের যেন ছোট বয়স থেকেই ধীরে ধীরে সুস্পষ্ট এক ধারনা হয় যে মানব জ্ঞান ভাণ্ডার যা তিলে তিলে গড়ে উঠেছে উঠছে তা এক এবং অখন্ড। আমাদের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থা প্রকৃত মানসিক ও মানবিক শিক্ষার চেয়ে ব্যাবহারিক প্রয়োজনের শিক্ষাকেই বেশি গুরুত্ব দেয় বলে সেখানে ছোট থেকেই ছেলে মেয়েদের একেবারে স্ট্যাম্প মেরে অর্থহীন ভাগ করে দেওয়া হয়, যে এ হল বিজ্ঞানের ছাত্র, এর দ্বারা সায়েন্স হবে না, এ আর্টস পড়বে, এর এটা হবে না ওর ওটা হবে এই সব। তাঁর ফলে যারা বিজ্ঞান পড়ে তারা সাহিত্য পড়ে না, যারা ইতিহাস পড়ে তারা অর্থনীতি পড়ে না, সবটাই কেবল পরীক্ষার প্রয়োজনে পড়া। জানার আনন্দে প্রকৃত শিক্ষা লাভ যা নাকি মানুষ কে মুক্তি দেয় তাঁর লক্ষ্যে পড়াশোনা হয় না। অথচ আমরা যদি আজ বিদেশের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান গুলির দিকে তাকাই তবে দেখব সেখানে আন্তঃ-বিষয় শিক্ষা অর্থাৎ inter-disciplinary studies আজ এক বিরাট ভূমিকা গ্রহণ করেছে। এই আন্ত-বিষয় শিক্ষা আমাদের কুইজের কাজে চিন্তা-ভাবনায় এক বিরাট  ভুমিকা নিয়েছে। সংক্ষেপে মোটমাট এই আমার কুইজ ও অন্যান্য কাজ করবার মুল উদ্দেশ্য, অবশ্য ব্যাক্তিগত ভাবে এর পেছনে অজানাকে জানার এক তীব্র কৌতূহল চালিকা শক্তি হিসেবে সব সময় কাজ করে গেছে ও যাচ্ছে।

এবার কেবল কুইজ ও তাঁর পদ্ধতি নিয়ে দুই চার কথা বলি।  প্রথমেই বলি একটা কথা, অনেকেই আমায় জিজ্ঞাসা করেন এওত কিছুতো জানার আছে তাঁর মধ্যে কি জানবো? কোনটা প্রয়োজনীয়? কি প্রশ্ন করবো? কি ভাবে প্রশ্ন রিসার্চ করবো? এসবের তো কোনও একটি সঠিক উত্তর হয় না। এসবই নির্ভর করে এক এক জনের ব্যাক্তিগত রুচি ও ভালো লাগার উপর। আমি বলি, যা তোমার জানতে ও পড়তে ভালো লাগে, ইন্টারেস্টিং মনে হয়, তাই জানবে তা নিয়েই চর্চা করবে। জানতে ভালো লাগাটা হল প্রথম এবং প্রাথমিক শর্ত। তবে এখানে বিশেষ ভাবে খেয়াল রাখতে হবে জানাটা যেন কেবল মাত্র ট্রিভিয়া (trivia) নির্ভর না হয়ে যায়। 

ট্রিভিয়া কি? ট্রিভিয়া হল এমন কিছু ধরণের চটপটে জ্ঞান বা তথ্য বা ইনফরমেশন যা আমাদের জানতে খুব ভালো লাগে তাঁর একটা চটক ও মজাদার চরিত্রের জন্য, কিন্তু কোনও বিষয় গভীর ভাবে জানতে ও বুঝতে সেই ট্রিভিয়া জানার কোনও প্রয়োজন পড়ে না। দুই একটা উদাহরণ দিলে বুঝতে একটু সুবিধে হবে। ধর তুমি কোনও হোটেলে গিয়ে খেতে বসেছ, নানা সুস্বাদু পুষ্টিকর উপকারি খাবার আছে মেনুতে। তাই তুমি অর্ডার দিলে। ধর রুটি মাংস এলো, আর তাঁর সাথে এলো মুখোরোচক চটপটি আচার। এখন তোমার শরীর ঠিক রেখে খিদে মেটাতে গেলে, রুটি মাংসই তোমায় বেশি খেতে হবে, আর তাঁর সাথে মাঝে মাঝে এক দুই টুকরো আচার খেলে মন্দ তো হবেই না বরং খাওয়াটা উপাদেয় লাগবে। এখন কোনও বিষয়ের উপর মূল তথ্য বা জ্ঞান হলো সেই রূটি মাংসের মত, যা নাকি তোমার বুদ্ধি ও মানসিক জ্ঞান বাড়ানোতে সাহায্য করবে। আর ট্রিভিয়া হল সাথে আসা সেই আচার এর মত। সেই আচার যদি তুমি না খাও তবে আসল যে কারনের জন্য তোমার খেতে বসা, অর্থাৎ পেটের খিদে মেটানোর সাথে সাথে শরীরের পুষ্টি সাধন করা, তাতে বিন্দুমাত্র ব্যাঘাত ঘটবে না। কিন্তু মাপ মত খেলে খাওয়াটা উপাদেয় শুধু লাগবে না তা তাড়াতাড়ি হজমও হবে। তেমনি কোনও বিষয় নিয়ে জানতে সে বিষয়ের আকর মূল তথ্য গুলো না জেনে তুমি যদি উপাদেয় বলে কেবল সেই আচারের মত ট্রিভিয়া গিলে যাও তবে তোমার শারীরিক ও মানসিক পুষ্টি কোনোটাই সঠিক হবে না। যে কোনও বিষয় নিয়ে প্রকৃত জ্ঞান বা তথ্য পাওয়া যায় সে বিষয়ের জ্ঞানের বড় রাস্তায় বা হাইওয়েতে। সেখানেই যেন তোমার বিচরণ বেশী হয় সেদিকে নজর রাখতে হবে, তবে দেখবে কোনও দিন তথ্যের এই বিশাল গোলক ধাঁধায় পথ হারাবে না। আর হাইওয়ে ছেড়ে যত ট্রিভিয়ার গলিঘুঁজি বা বাইলেন এ ঢুকবে দেখবে সেখানে রাস্তা জটিল থেকে জটিলতর হচ্ছে আর সেখানে রাস্তা হারানোর সম্ভাবনা প্রতি পদে পদে। তাই সে গোলোক ধাঁধা থেকে যত দূরে থাকা যায় তত মঙ্গল।

প্রতি নিয়ত এত কিছু তো আমরা জানছি, দেখেছি, শুনছি তাঁর মধ্যে কতটাই বা আমরা মনে রাখি বা রাখতে পারি! কিন্তু কুইজ তো একটা জমাটি মানসিক ক্রীড়া বা মাইন্ডস্পোর্ট সেখানে এই জানাটা মনে রাখাটা কেবল প্রয়োজনই নয় তা একেবারে আবশ্যিক। তাই কুইজ চর্চা যারা কর তাঁদের উচিত প্রথম থেকেই একটা নিয়মনিষ্ঠ পদ্ধতি মেনে নিয়ে তা চর্চা করা। কি ভাবে তা করা যায়? এখানেও নানা মুনির নানান মত। তবে আমি তোমাদের জন্য একটা পদ্ধতির কথা বলতে পারি, যা মেনে চললে শুধু কুইজের জন্য নয়, যে কোনও বিষয়ে জানতে ও পড়তে তোমাদের অনেকটা সুবিধে হবে বলে আমার বিশ্বাস। অন্তত আমি নিজে এই পদ্ধতি মেনে চলে অনেক উপকৃত হয়েছি এবং এখনও মেনে চলি। আমি এই পদ্ধতির নাম দিয়েছি “ 4 R Policy”  এই পদ্ধতি যে 4টি ‘R’ এর স্তম্ভের উপর খাঁড়া হয়ে আছে তা হল যথাক্রমে - READ, REFERENCE, RECORD এবং RECALL। এবার এই প্রত্যেকটি “R” কে একটু বিশদে বলি, তবে বুঝতে সুবিধে হবে। প্রথমেই বলে রাখি এই পদ্ধতিতে R এর ক্রমটা বজায় রাখাটা কিন্তু খুব জরুরী।

প্রথমেই READ – মানে জানার বা জ্ঞান অর্জনের নানান প্রকরণ। এখানে কিন্ত Read মানে কেবল বই পড়া নয়। তবে সাধারনত আমরা বেশির ভাগ ক্ষেত্রেই যা জানি তা পড়েই জানি বলে এই স্তম্ভের নাম রাখা হয়েছে READ। কিন্তু শুধু পড়ে তো আমাদের জ্ঞান অর্জন হয় না, চোখে দেখে, কানে শুনে, স্পর্শ করে, স্বাদ গ্রহণ করে আমাদের সব কিছু নিয়ে এক সম্যক জ্ঞান লাভ হয়। তাই সেই জ্ঞান অর্জন করতে গেলে আমারদের এই সব প্রচেষ্টা গুলিকে সজাগ ভাবে সমান ভাবে জারি রাখতে হবে। বই পড়ার সাথে, ছবি দেখতে হবে, চারপাশটা খুঁটিয়ে দেখতে হবে, গান বাজনা শুনতে হবে, নেট সার্ফ করে তথ্য তুলে আনতে হবে... অর্থাৎ সব মিলিয়ে সামগ্রিক ভাবে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আর এখানেই জানার সময় খেয়াল রাখব যাতে জানতে গিয়ে ট্রিভিয়া নিয়ে বেশি মাতামাতি না হয়।

এরপর REFERENCE – যা জ্ঞান অর্জন করলাম তা ঠিক কি ভুল সব সময় আমাদের যাচাই করে নিতে হবে। তথ্যের জানপ্রাণ হল তাঁর যথার্থতা। কি ভাবে যাচাই করব? এর জন্য আমাদের শিক্ষকরা আছেন। আর আছে নানা প্রামাণ্য বই অভিধান এনসাইক্লোপিডিয়া ইত্যাদি। সবচেয়ে দরকারী বই যা সব সময়ে হাতের কাছে রাখা উচিৎ তা হল অভিধান বা ডিক্সনারী। এ ছাড়া গ্রন্থাগারে পাওয়া যায় নানা রেফারেন্স বই। আর এখন তো ইন্টারনেট এর যুগে সমস্ত তথ্য এক মুহূর্তে হাতের মুঠোয় চলে এসেছে আমাদের। ‘গুগুল করা’ টা তো তথ্য খোঁজার সমার্থক হয়ে দাঁড়িয়েছে আজ। তাই যা জানলাম তার মধ্যে যদি কোনও ফাঁক থেকে থাকে, যদি থাকে কোনও রকমের সন্দেহ তাঁর নিরসন করতে আমাদের বারে বারে ফিরতে হবে এই রেফারেন্স এর কাছে। যে কথা বলব তাঁর তথ্য প্রমাণের ব্যাপারে একেবারে শতভাগ নিঃসন্দেহ হতে হবে। এখানে কিন্তু কোনও ফাঁক রাখা একেবারে অমার্জনীয় অপরাধ। এখানে ইন্টারনেট এর কথা যখন এলো তখন একটা জরুরী কথা তোমাদের বলে রাখি। ইন্টারনেট এর আগে আমাদের রেফারেন্স বলতে মূলত নানা প্রামান্য গ্রন্থ ছাড়া মুল ছিল এনসাইক্লোপিডিয়া। আর বিখ্যাত পণ্ডিতরা এই সব কোষগ্রন্থ লিখতেন তাই তাঁদের প্রামান্যতা নিয়ে সন্দেহের অবকাশ প্রায় ছিলই না। কিন্তু আজ ইন্টারনেটে সব সাইটের কিন্ত এই প্রামান্যতা নেই। তাই ইন্টারনেট থেকে তথ্য আহরণ ও যাচাইএর সময় খুব সতর্ক থাকতে হবে। সব চেয়ে ভাল পদ্ধতি হলো যে কোনও তথ্য বেশ কয়েকটা সাইটে গিয়ে যাচাই করে তুলনা করে মিলিয়ে নেওয়া।

রেফারেন্স এর পরে RECORD – শুধু তথ্য আহরণ করে তা যাচাই করলেই চলবে না, যা আহরণ করলাম তাঁর সঞ্চয়ের প্রয়োজন। তাই সব চেয়ে ভালো উপায় হচ্ছে নিজের জন্য একটা খাতা বা ডায়েরী রাখা। যা জানবে, যা প্রশ্ন মাথায় আসবে, সেখানে সঙ্গে সঙ্গে তা লিখে রাখতে হবে। আরো ভাল হয় যা তথ্য নোট করছো তাঁর সাথে সংক্ষেপে যদি সেই তথ্য কোথায় পেলে তাঁর একটা হদিশ লিখে রাখতে পারো। আজ কম্প্যুটারের যুগে আমরা যেমন অসংখ্য সাইট ঘুরতে ঘুরতে নিজেদের পছন্দের সাইটকে বুকমার্ক করে রাখি তেমনি ডায়েরীতে সব তথ্য নোট করে রাখতে হবে। আর সেই সব ডায়েরী সযত্নে রাখতে হবে। সেই হবে তোমার ভবিষ্যতের রেফারেন্স বুক। তোমার কোয়েশ্চেন ব্যাঙ্ক। শুধু নোট করে  রাখলেই কিন্তু হবে না, মাঝে মাঝে সেই সব ডায়েরী খুলে দেখতে হবে, পুরানো কোয়েশ্চেন পড়তে হবে, যেখানে মনে হবে তথ্যকে, (বিশেষ ভাবে নানা রেকর্ডের ক্ষেত্রে) update করবার প্রয়োজন তা করতে হবে। নিয়মিত নানা প্রশ্নকে ঝাড়াই বাছাই করতে হবে। তোমাদের জানিয়ে রাখি আমাদের দেশে কুইজের জনক, গুরু, নীল ও’ব্রায়েন কিন্তু এখনও রোজ নিয়মিত তাঁর সেই ডায়েরীতে যা পড়ছেন জানছেন তাঁর থেকে প্রশ্ন, তথ্য আহরণ করে নোট করে রাখেন।

সব শেষে হল RECALL – বা যা জ্ঞান আহরণ করেছি, যেসব তথ্য নোট করে রেখেছি, তাকে কুইজে প্রশ্নের উত্তর দেবার সময় ঠিকঠাক  মনে রাখতে হবে। মনে আনতে হবে। এর জন্য চাই নিয়মিত চর্চা দীর্ঘ অনুশীলন। তবে না বুঝে প্রশ্নের উত্তর কোনও দিনও মুখস্থ করতে যেও না। তাতে হিতে বিপরীত হবে। কুইজ চর্চার সব চেয়ে ভাল উপায় নিয়মিত নানা কুইজে অংশগ্রহণ করা, নিজের বন্ধুদের মধ্যে যারা কুইজে আগ্রহী তদের নিয়ে কুইজের দল তৈরি করা, একটা নিয়মিত কুইজ আলোচনা চক্র চালানো ইত্যাদি। আর সব চেয়ে বড় গুণ হলো প্রশ্নের উত্তর দেবার সময় নিজের সাধারণ বোধ বুদ্ধিকে যাকে আমরা বলি common sense তাকে চট করে কাজে লাগানো । এই কমন-সেন্সকে কাজে লাগিয়ে অনেক প্রশ্নের উত্তর কিন্তু কুইজের আসরে বসেই যুক্তি বুদ্ধি দিয়ে বার করে ফেলা যায়।

তা হলে এই হল সংক্ষেপে কুইজ করবার 4 R POLICY। কুইজ এর আসর কিন্তু নিজের জ্ঞানের বাহাদুরি  দেখানোর জায়গা নয়। বড়াই করবার জায়গা নয় যে দেখ আমি কতটা জানি, বা আমিই সেরা জানি আর অন্যরা কেউ কিছু জানে না। আসরে বসে কুইজ জেতা নিশ্চয় লক্ষ্য থাকবে, কিন্তু তা কখনই একমাত্র লক্ষ্য হবে না। কুইজের আসরে কিন্তু হারা জেতার থেকেও অনেক গুরুত্বপূর্ণ বিষয় হল আনন্দের সাথে অংশগ্রহণ করা। কুইজের আসর হল আমাদের প্রত্যেকের কাছে ঐ 4 R এর READ এর জায়গা, অর্থাৎ জ্ঞান আহরণ করবার জায়গা। এখানে আমরা নিজেরা যা জানি তা বলবো, যা জানি না খোলা মনে জানার আনন্দে তা শিখবো, নিজেকে সমৃদ্ধ করবো, আর সব শেষে এই আদান প্রদানের মাধ্যমে অনাবিল আনন্দ লাভ করবো। আর এই আনন্দ যদি লাভ করতে পারি তবেই জানবো আমরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারছি।         

ছবির জগৎ ১


আমার করা কিছু পেন্সিলের কাজ।






আমার রবীন্দ্রনাথ -২ বোঝাপড়া

“ ফুলের ও মতো সহজ সুরে/ প্রভাত মম উঠিবে পূরে/ সন্ধ্যা মম সে সুরে যেন মরিতে জানে/ যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি বিশ্বতানে/ মিলাবো তাই জীবন গানে” এই গান গেয়েই পথ চলি। চলার পথে কোন এক অমোঘ মূহুর্তে শুনি মরণের চরণধ্বনি, দেখি  তাঁর অদৃশ্য ছায়া। চলার ছন্দপতন ঘটে। যে ধ্রুবপদের সমে এসে মেলার কথা, তা বিচ্যুত হয়। তারকাটার বিচ্ছেদের টঙ্কারে আকাশ বাতাস হয় মুখর। তখন বুঝি অসহায়, বিচলিত, নিজের সাথে আরো একবার বোঝাপড়ার প্রয়োজন।
 মনেরে আজ কহ যে ,  
ভালো মন্দ যাহাই আসুক
       সত্যেরে লও সহজে
।
             কেউ বা তোমায় ভালোবাসে
                  কেউ বা বাসতে পারে না যে ,
             কেউ বিকিয়ে আছে , কেউ বা
                  সিকি পয়সা ধারে না যে ,
             কতকটা যে স্বভাব তাদের
                  কতকটা বা তোমারো ভাই ,
             কতকটা এ ভবের গতিক
—
                  সবার তরে নহে সবাই
।
             তোমায় কতক ফাঁকি দেবে
                  তুমিও কতক দেবে ফাঁকি ,
             তোমার ভোগে কতক পড়বে
                  পরের ভোগে থাকবে বাকি ,
             মান্ধাতারই আমল থেকে
                  চলে আসছে এমনি রকম
—
             তোমারি কি এমন ভাগ্য
                  বাঁচিয়ে যাবে সকল জখম !
                                  মনেরে আজ কহ যে ,
                            ভালো মন্দ যাহাই আসুক
                                   সত্যেরে লও সহজে
।
 
              অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি
                   এলে সুখের বন্দরেতে ,
              জলের তলে পাহাড় ছিল
                   লাগল বুকের অন্দরেতে ,
              মুহূর্তেকে পাঁজরগুলো  
                   উঠল কেঁপে আর্তরবে
—
              তাই নিয়ে কি সবার সঙ্গে

  ঝগড়া করে মরতে হবে ?
              ভেসে থাকতে পার যদি
                   সেইটে সবার চেয়ে শ্রেয় ,
              না পার তো বিনা বাক্যে
                   টুপ করিয়া ডুবে যেয়ো
।
              এটা কিছু অপূর্ব নয় ,
                   ঘটনা সামান্য খুবই
—
              শঙ্কা যেথায় করে না কেউ
                   সেইখানে হয় জাহাজ - ডুবি
।
                                           মনেরে তাই কহ যে ,
                                      ভালো মন্দ যাহাই আসুক
                                           সত্যেরে লও সহজে
।
 
              তোমার মাপে হয় নি সবাই
                   তুমিও হও নি সবার মাপে ,
              তুমি মর কারো ঠেলায়
                   কেউ বা মরে তোমার চাপে
—
              তবু ভেবে দেখতে গেলে
                    এমনি কিসের টানাটানি ?
              তেমন করে হাত বাড়ালে
                   সুখ পাওয়া যায় অনেকখানি
।
              আকাশ তবু সুনীল থাকে ,
                   মধুর ঠেকে ভোরের আলো ,
              মরণ এলে হঠাৎ দেখি
                   মরার চেয়ে বাঁচাই ভালো
।
              যাহার লাগি চক্ষু বুজে
                   বহিয়ে দিলাম অশ্রুসাগর
              তাহারে বাদ দিয়েও দেখি  
                    বিশ্বভুবন মস্ত ডাগর
।
                                        মনেরে তাই কহ যে ,
                                    ভালো মন্দ যাহাই আসুক
                                        সত্যেরে লও সহজে
।
 
 নিজের ছায়া মস্ত করে
                   অস্তাচলে বসে বসে
              আঁধার করে তোল যদি
                   জীবনখানা নিজের দোষে ,
              বিধির সঙ্গে বিবাদ করে
                    নিজের পায়েই কুড়ুল মার ,
              দোহাই তবে এ কার্যটা
                   যত শীঘ্র পার সারো
।
              খুব খানিকটে কেঁদে কেটে
                   অশ্রু ঢেলে ঘড়া ঘড়া
              মনের সঙ্গে এক রকমে
                    করে নে ভাই , বোঝাপড়া
।
              তাহার পরে আঁধার ঘরে
                   প্রদীপখানি জ্বালিয়ে তোলো
—
              ভুলে যা ভাই , কাহার সঙ্গে
                   কতটুকুন তফাত হল
।
                                      মনেরে তাই কহ যে ,
                                 ভালো মন্দ যাহাই আসুক
                                      সত্যেরে লও সহজে
।
বোধহয় এভাবেই বারবার বোঝাপড়া করতে করতে আমরা শেষে সমে এসে মিশি
। আমার সকল সুজন বন্ধুরা এভাবে  সহজে  যাতে বোঝাপড়া সারতে পারেন তাই কামনা করি।

আমার রবীন্দ্রনাথ - ১







আমার অন্তরে-বাহিরে আছো তুমি...(লেখালিখি)


ফেসবুকে’র একটি রবীন্দ্র-গোষ্ঠী ‘মনে প্রাণে রবীন্দ্রনাথ’ এর সাথে যোগসূত্র স্থাপিত হয়েছিল ২০১২ সালের বৈশাখের কিছু আগে। সেই গোষ্ঠীর প্রথম প্রয়াস সে বছরের পয়লা বৈশাখ অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ কলকাতার উইভার্স স্টুডিয়োতে। সেই অনুষ্ঠান উপলক্ষে এই ভাষ্য রচনা করেছিলাম। রবীন্দ্রনাথের উদ্দেশ্যে লেখা অন্যান্য কবিদের কবিতার অংশবিশেষ এর সাথে রবীন্দ্র-রচনা, বিশেষ করে গানের এক মেলবন্ধন ঘটিয়ে একবিশেষ কবি-প্রণামের ভাষ্য রচনাই মূল লক্ষ্য ছিল। এই অনুষ্ঠানে ‘মনে প্রাণে রবীন্দ্রনাথ’ গোষ্ঠীর সদস্যরাই অংশগ্রহণ করেছিলেন। 
আমার অন্তরে-বাহিরে আছো তুমি...
আমরা যেদিন আনন্দের উৎসব করি, সেদিন আমরা প্রতিদিনের বাঁধা নিয়মকে শিথিল করে দিই – সেদিন স্বার্থকে শিথিল করি, প্রয়োজনকে শিথিল করি, আত্মপরের ভেদকে শিথিল করি, সংসারের কঠিন সঙ্কোচকে শিথিল করি – তবেই ঘরের মাঝখানে এমন একটুখানি ফাঁকা জায়গা তৈরি হয়, যেখানে আনন্দের প্রকাশ সম্ভবপর হয়... ... এই জন্যই গৃহের উৎসবকে সর্বজনের উৎসব যখন করি তখনই তা সার্থক হয়। সেই সার্থকতা লাভের উদ্দেশ্যে, সেই সার্থকতা লাভের আনন্দকে প্রকাশ করে নিজেদের মধ্যে ভাগ করে নেবার উদ্দেশ্যে আজ আমরা সবাই, আমাদের আত্মীয়-জনরা, বন্ধু-সুজনরা মিলিত হয়েছি নববর্ষের বৈশাখের এই আনন্দ সন্ধ্যায়। আমরা জানি গ্রীষ্মের দাবানল এড়াতে ১৩৪৩ বংগাব্দ থেকে শান্তিনিকেতনে রবীন্দ্র জন্মোৎসব পালিত হতে থাকে ২৫ বৈশাখের পরিবর্তে ১ বৈশাখ। তাই নববর্ষের এই অনুষ্ঠান এক অর্থে কবির জন্মদিন পালনের অনুষ্ঠানও বটে।
কবি বলেছেন, প্রত্যেক জন্মের মূলমন্ত্র হচ্ছে মুক্তির মন্ত্র – অন্ধকার থেকে জ্যোতির মুক্তি। আর এই মুক্তির জ্যোতি কবির সমস্ত সৃষ্টির মধ্যে তাঁর সমগ্র জীবনযাপনের মধ্যে স্থির ও প্রজ্বলিত। তাই আমাদের, যাদের অন্তর-বাহির রবীন্দ্রনাথে সম্পৃক্ত তাঁরা বিশ্বাস করি রবীন্দ্রচর্চা আমাদের জীবনযাপনের এক অভিন্ন অংশ। কারণ, তা নবজন্ম লাভের সমান এক অসামান্য অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাই আমাদের দেয় সেই মুক্তির স্বাদ - আনে চির-নূতনের স্পর্শ। সেই স্পর্শে আমরা তাঁরই বাণীতে তাঁরই সুরে বলে উঠি...
গান - ১
তুমি       নব নব রূপে এসো প্রাণে।
এসো      গন্ধে বরনে
, এসো গানে।
এসো      অঙ্গে পুলকময় পরশে
,
এসো   চিত্তে অমৃতময় হরষে
,
এসো   মুগ্ধ মুদিত দু নয়ানে॥
এসো       নির্মল উজ্জ্বল কান্ত,
এসো       সুন্দর স্নিগ্ধ প্রশান্ত
,
এসো       এসো হে বিচিত্র বিধানে।
এসো    দু:খে সুখে
, এসো মর্মে,
এসো    নিত্য নিত্য সব কর্মে
;
এসো    সকল-কর্ম-অবসানে॥
রাগ: রামকেলী; তাল: ত্রিতাল; রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ ভাদ্র, ১৩০১; (খৃষ্টাব্দ): ১০ সেপ্টেম্বর, ১৮৯৪; রচনাস্থান: পতিসর
সকল কর্ম অবসানে যখন অবসর – আমরা ফিরি আমাদের অন্তরে। আমাদের ক্ষুদ্র জীবনে, সকল মিলনে, বিচ্ছেদে, হরষে কান্নায়, সুখে দুঃখে, কর্মে যে কবি আমাদের চিরসঙ্গী, তিনি তো আমাদেরই কবি। তাই সেই কবির উদ্দেশ্যে কবি জসীমউদ্দিন বলেছিলেন – “তুমি আমাদের কবি” ...
কবিতা – ১
“... তবু তুমি কবি – আমাদের কবি
আর আমাদের কথা
- সে যে আমদেরই - সেই গৌরব দিয়ে আজ
তোমার গলায় পরাই স্নেহের লতা।
দুঃখের রাতে কত যে কেঁদেছি
তোমার গানের সুরে বুক ফাঁড়ি
শিয়রে প্রদীপ নিবিয়াছে তবু
তুমি যাও নাই ছাড়ি।
তুমি আমাদের, তোমার দুয়ারে
মাটির প্রদীপ রাখি
আজ স্বাদ সব বুক ভরি
তোমারে আমরা আমাদের বলে ডাকি।।”
এই মানুষটিকে যখন আমরা নিঃশঙ্ক চিত্তে বলতে পারি – ওগো তুমি আমাদেরই কবি, তখনই তিনি হয়ে ওঠেন আমদের মনের মানুষ যিনি আছেন আমাদের প্রাণে...
গান - ২
আমার       প্রাণের মানুষ আছে প্রাণে
                       তাই হেরি তায় সকল খানে॥
আছে সে     নয়নতারায় আলোকধারায়,    তাই না হারায়--
ওগো         তাই দেখি তায় যেথায় সেথায়
               তাকাই আমি যে দিক-পানে॥
আমি          তার মুখের কথা শুনব ব'লে গেলাম কোথা,
                শোনা    হল না
, হল না--
আজ         ফিরে এসে নিজের দেশে এই-যে শুনি
শুনি         তাহার বাণী আপন গানে॥
কে তোরা   খুঁজিস তারে  কাঙাল-বেশে  দ্বারে দ্বারে,
দেখা        মেলে না মেলে না
,--
ও তোরা    আয় রে ধেয়ে  দেখ্‌ রে চেয়ে  আমার বুকে --
ওরে         দেখ্‌ রে আমার দুই নয়ানে॥   
রাগ: বাউল; তাল: দাদরা; রচনাকাল (বঙ্গাব্দ): 1317; (খৃষ্টাব্দ): 1910; স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার
হ্যাঁ, কবি আমাদের প্রাণের মানুষ বলেই তাঁর আহ্বানে আমরা সাহস পাই তাঁর নয়নে নয়ন মেলাতে। আমরা এক অধিকার অর্জন করি। মানুষ তো তখনই দাবি করতে পারে সম্পর্কের নৈকট্য, যখন আমাদের সেই অধিকার সাহস দেয় – তখন আমরা তাঁর ‘আখির আগে দাঁড়িয়ে’ – কবি শামসুর রহমানের কথায় বলে উঠি...
কবিতা – ২
“আমার দিনকে দিয়েছ তুমি কাব্যের বর্ণচ্ছটা
রাত্রিকে রেখেছ ভরে গানের স্ফুলিঙ্গে, সপ্তরথী
কুৎসিতের ব্যূহ ভেদ করবার মন্ত্র আজীবন
পেয়েছি তোমার কাছে ঘৃণার করাতে জর্জরিত
করেছি উন্মত্ত বর্বরের অট্টহাসি কি আশ্বাসে।
প্রতীকের মুক্তপথে হেঁটে চলে গেছি আনন্দে
মাঠে আর ছড়িয়ে পড়েছি বিশ্বে তোমারি সাহসে
অকপট নাস্তিকের সুরক্ষিত হৃদয়ে চকিতে
নিয়েছ ভাসিয়ে কত অমলিন গীতসুধারসে।।”
এই সেই আকুল গীতসুধারসের ধারা যা গানের তানে লুকিয়ে আমাদের কাছে পাঠায় এক অনন্য বাণী। এই সেই মনভাসানো গীতসুধারস যার বারতা শুনতে গেলে আমদের আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পাততে হয়...
গান - ৩
আমি    কান পেতে রই      ও আমার   আপন হৃদয়গহন-দ্বারে   বারে বারে
কোন্‌   গোপনবাসীর কান্নাহাসির   গোপন কথা শুনিবারে--   বারে বারে ॥
ভ্রমর সেথা হয় বিবাগি   নিভৃত নীল পদ্ম লাগি রে,
কোন্‌   রাতের পাখি গায় একাকী সঙ্গীবিহীন অন্ধকারে   বারে বারে ॥
কে সে মোর   কেই বা জানে,   কিছু তার   দেখি আভা।
কিছু পাই   অনুমানে
,   কিছু তার   বুঝি না বা।
মাঝে মাঝে তার বারতা   আমার ভাষায় পায় কি কথা রে
,
ও সে   আমায় জানি পাঠায় বাণী   গানের তানে লুকিয়ে তারে   বারে বারে ॥
রাগ: বিভাস-বাউল; তাল: দাদরা; রচনাকাল (বঙ্গাব্দ): ২ শ্রাবণ, ১৩২৯; (খৃষ্টাব্দ): ১৮ জুলাই, ১৯২২; স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
সেই চিরচেনা গোপনবাসীর কান্নাহাসির গোপন বারতা আমাদের হৃদয়ে যখন এসে পৌঁছয়, তখন সে এনে দেয় আর এক আনন্দলোকের বার্তা। সেই আনন্দলোকের নির্ভয় উদার প্রাঙ্গণের আহ্বান পাই আশাপূর্ণা দেবীর মননে...
কবিতা – ৩
“... ছিল না তো ঘর
ছিল না কোথাও দ্বার।
তোমারই উদার প্রাঙ্গণ তলে ঠাঁই ছিল খেলিবার
সেই খোলা প্রাঙ্গণে
অবোধ প্রাণের নির্ভয় নিয়ে খেলিয়াছি আন্‌মনে।
ছিলে না কখন
এসেছো কখন
জানিনে তাহার দিশে,
জানি জীবনের অণুতে অণুতে
তুমি রহিয়াছ মিশে
চেতনারও আগে হতে
দিন হতে দিনে চলিয়াছি ভেসে
সেই আলোকের স্রোতে।।”
কখন তিনি আমাদের মধ্যে মিশে গেছেন, কখন আমার নিজের আমি হয়ে গেছেন তাঁর দিশা তো আমরা পাই না। আলোর ছন্দে ভেসে যেতে যেতে কেবল অনুভব করি তিনি আমাদের নিত্য যাপনের অণুতে অণুতে মিশে আছেন। কবিই তো আমাদের বলেছেন “বিশ্ব তনুতে অণুতে অণুতে কাঁপে নৃত্যেরও ছায়া”। তাই সেই অনুভবের মাঝে মহাজাগতিক নৃত্যের কম্পনে আনন্দে স্পন্দিত হয়ে ওঠে আমাদের চিত্ত...

গান - ৪
মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে
তাতা থৈথৈ
, তাতা থৈথৈ, তাতা থৈথৈ।
তারি সঙ্গে কী মৃদঙ্গে সদা বাজে
তাতা থৈথৈ তাতা থৈথৈ তাতা থৈথৈ॥
হাসিকান্না হীরাপান্না দোলে ভালে,
কাঁপে ছন্দে ভালোমন্দ তালে তালে
,
নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে
,
তাতা থৈথৈ
, তাতা থৈথৈ, তাতা থৈথৈ।
কী আনন্দ
, কী আনন্দ, কী আনন্দ
দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ--
সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে
তাতা থৈথৈ
, তাতা থৈথৈ, তাতা থৈথৈ॥
রাগ: কাফি; তাল: খেমটা-ষষ্ঠী; রচনাকাল (বঙ্গাব্দ): 1317; (খৃষ্টাব্দ): 1910; স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
এই যে বিপুল মহজাগতিক আনন্দ উচ্ছ্বাস এর উৎসই তো কবির চরম মর্ত্য-প্রীতি। পৃথিবীকে ভালোবাসা। তিনি আমাদের এই ছোট্ট মাটির বাসা কে বারে বারে নূতন করে ভালোবাসতে শিখিয়েছেন। এই অকপট স্বীকারোক্তি কবি জ্যোতিরিন্দ্র মৈত্র’র কবিতায়...
কবিতা – ৪
“প্রথম কিশোর চোখে মেলে ধরেছিলে দূর প্রান্তরের আলো,
আনন্দের নবধারাপাতে কোন্‌ বিস্ময়ের ভাষা
ফুটেছিল মুখে। বাঁধাবন্ধহীন আশা
স্বপ্নভঙ্গ নির্ঝরের দুরন্ত দুরাশা
রক্তের চঞ্চল গানে তোমারই সে সুর
রবীন্দ্র ঠাকুর
বিচিত্র এ ঋতুজালে জড়ানো জীবন।
সোনার স্বপন ঘেরা মাঠ পথ নদী বন পর্বত প্রান্তর
জনপদবধূ গ্রাম পদ্মাপার দেশ দেশান্তর।
বর্ষার আকাশ জুড়ে মেঘের মাদলে মত্ত শ্রাবণী গাজন
তোমারি যে ইন্দ্রজাল ইন্দ্রধনু মন।
মর্মে মর্মে ভরি দিলে বিচিত্র সে সুর
রবীন্দ্র ঠাকুর।।”
কবি বলেছিলেন – “ওই যে মস্ত পৃথিবীটা চুপ করে পড়ে রয়েছে, ওটাকে এমন ভালোবাসি, ওর এই গাছপালা নদী মাঠ কোলাহল নিস্তব্ধতা, প্রভাত-সন্ধ্যা, সমস্ত শুদ্ধ দু-হাতে আঁকড়ে ধরতে ইচ্ছে হয়।”

গান - ৫
এই তো ভালো লেগেছিল আলোর নাচন পাতায় পাতায়।
শালের বনে খ্যাপা হাওয়া
, এই তো আমার মনকে মাতায়।
রাঙা মাটির রাস্তা বেয়ে   হাটের পথিক চলে ধেয়ে
,
ছোটো মেয়ে ধুলায় বসে খেলার ডালি একলা সাজায়--
সামনে চেয়ে এই যা দেখি চোখে আমার বীণা বাজায়॥
আমার এ যে বাঁশের বাঁশি, মাঠের সুরে আমার সাধন।
আমার মনকে বেঁধেছে রে এই ধরণীর মাটির বাঁধন।
নীল আকাশের আলোর ধারা   পান করেছে নতুন যারা
সেই ছেলেদের চোখের চাওয়া নিয়েছি মোর দু চোখ পুরে--
আমার বীণায় সুর বেঁধেছি ওদের কচি গলার সুরে॥
দূরে যাবার খেয়াল হলে সবাই মোরে ঘিরে থামায়--
গাঁয়ের আকাশ সজনে ফুলের হাতছানিতে ডাকে আমায়।
ফুরায় নি
, ভাই, কাছের সুধা,   নাই যে রে তাই দূরের ক্ষুধা--
এই-যে এ-সব ছোটোখাটো পাই নি এদের কূলকিনারা।
তুচ্ছ দিনের গানের পালা আজও আমার হয় নি সারা ॥
লাগল ভালো, মন ভোলালো, এই কথাটাই গেয়ে বেড়াই--
দিনে রাতে সময় কোথা
, কাজের কথা তাই তো এড়াই।
মজেছে মন
, মজল আঁখি-- মিথ্যে আমায় ডাকাডাকি--
ওদের আছে অনেক আশা
, ওরা করুক অনেক জড়ো--
আমি কেবল গেয়ে বেড়াই
, চাই নে হতে আরো বড়ো ॥
রাগ: বাউল; তাল: কাহারবা; রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ চৈত্র, ১৩২২; (খৃষ্টাব্দ): ৮ এপ্রিল, ১৯১৬; রচনাস্থান: শান্তিনিকেতন, স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
কবি তোমার সৃষ্টিতেই মন মজেছে, মজলো আঁখি, লাগলো ভাল, মন ভোলালো – এই কথাটাই যেন অন্য সুরে অন্য ছন্দে বলেছেন এখনকার আরেক কবি শক্তি চট্টোপাধ্যায়...
কবিতা – ৫
“বৃষ্টি পড়ে টাপুর টুপুর
হৃদয় ভরে বান
আকাশ বাতাস ছেয়ে রয়েছে
রবি ঠাকুরের গান
রবি ঠাকুরের গান ওরে ভাই
রবি ঠাকুরের ছবি
ঘরে এবং ঘরের বাইরে
যখন একলা হবি...”

কবি শক্তিই বলেছিলেন আরেক অমোঘ কথা “সবার মাঝে একা” – যখন হৃদয় ভরে বান ডাকে তখন এই ঘরে এবং ঘরের বাইরে সবার মাঝে আমাদের প্রত্যেকেরই একা হতে হয় – রবি ঠাকুরের সাথে। সেই অমোঘ মুহূর্তে আমরা তাঁকে জিজ্ঞাসী – ধনে জনে আছি জড়ায়ে, এ মোহ আবরণ খুলে, হে কবি কেন তোমার পানে নিত্য চাওয়া চাওয়াও না?
গান - ৬
              নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে
তারি        মধু কেন মনমধুপে খাওয়াও না?
              নিত্যসভা বসে তোমার প্রাঙ্গণে,
তোমার     ভৃত্যের সেই সভায় কেন গাওয়াও না?।
              বিশ্বকমল ফুটে চরণচুম্বনে,
সে যে       তোমার মুখে মুখ তুলে চায় উন্মনে,
              আমার চিত্ত-কমলটিরে সেই রসে
কেন         তোমার পানে নিত্য-চাওয়া চাওয়াও না?।
              আকাশে ধায় রবি-তারা-ইন্দুতে,
তোমার     বিরামহারা নদীরা ধায় সিন্ধুতে,
              তেমনি করে সুধাসাগর-সন্ধানে
আমার      জীবনধারা নিত্য কেন ধাওয়াও না?
              পাখির কণ্ঠে আপনি জাগাও আনন্দ,
তুমি         ফুলের বক্ষে ভরিয়া দাও সুগন্ধ,
              তেমনি করে আমার হৃদয়ভিক্ষুরে
কেন         দ্বারে তোমার নিত্যপ্রসাদ পাওয়াও না?
রাগ: ইমন-বাউল; তাল: একতাল; রচনাকাল (বঙ্গাব্দ): ২৯ আশ্বিন, ১৩২০; (খৃষ্টাব্দ): ১৫ অক্টোবর, ১৯১৩; রচনাস্থান: শান্তিনিকেতন; স্বরলিপিকার: ইন্দিরা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর
এই আমাদের সমবেত প্রার্থনা। কবি, আমাদের সমস্ত শূন্যতা মাঝে তুমি পূর্ণ হয়ে আছ, আমাদের সব বিচ্ছেদের বেদনায় তুমিই মিলনের আনন্দ। সমগ্র অজ্ঞানতার অন্ধকারে তুমিই জ্ঞানের অমলিন রৌদ্র। তোমার প্রসাদলাভে যেন আমরা বঞ্চিত না হই। সেই আশায় কবি সমরেন্দ্র সেনগুপ্তের কলমে ভর দিয়ে আমরা বলে উঠি...
কবিতা – ৬
“হে অমলিন রৌদ্র! তুমি তবু দিগন্তের নির্নিমিখ নীলে
কি অমোঘ জেগে আছ সমস্ত শূন্যতা জয়ী স্বরাট একাকী
যেন বাংলাদেশ, যেন সময়ের সাধ্য পার হতে
সমস্ত নিখিল জানে কত দীর্ঘ ধ্যান এই সূর্যের অনন্য জ্বলে ওঠা।
একদিন বছর বছর পর কোনও একদিন।
আমার প্রথম জন্মে রবীন্দ্রনাথের অধিকার
আমার যথার্থ মৃত্যু  তোমাকে ভোলায়, দুঃখ যদি ভুলে যাই।
যিনি নীরবে অমোঘ জাগেন সমস্ত শূন্যতা ভরাট করে তাঁর ভক্তের জন্য, তিনিই আমাদের নিভৃত প্রাণের দেবতা, তাকেই বলি, হে মোর দেবতা কি অমৃত তুমি চাহ করিবারে পান?
গান - ৭
হে মোর দেবতা, ভরিয়া এ দেহ প্রাণ
কী অমৃত তুমি চাহ করিবারে পান
আমার নয়নে তোমার বিশ্বছবি
দেখিয়া লইতে সাধ যায় তব কবি
,
আমার মুগ্ধ শ্রবণে নীরব রহি
শুনিয়া লইতে চাহ আপনার গান।
হে মোর দেবতা
, ভরিয়া এ দেহ প্রাণ
কী অমৃত তুমি চাহ করিবারে পান।
আমার চিত্তে তোমার সৃষ্টিখানি
রচিয়া তুলিছে বিচিত্র এক বাণী।
তারি সাথে প্রভু মিলিয়া তোমার প্রীতি
জাগায়ে তুলিছে আমার সকল গীতি
,
আপনারে তুমি দেখিছ মধুর রসে
আমার মাঝারে নিজেরে করিয়া দান।
হে মোর দেবতা, ভরিয়া এ দেহ প্রাণ
কী অমৃত তুমি চাহ করিবারে পান।
রাগ: ইমনকল্যাণ; তাল: একতাল; রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ আষাঢ়, ১৩১৭; (খৃষ্টাব্দ): 1910; রচনাস্থান: বোলপুর; স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী
কবিতা – ৭
...বিশ্বের বিচিত্র রূপ ঐশ্বর্য সম্ভার
তুলিল তোমার চিত্তে আনন্দ ঝঙ্কার
শুনাইল এ বিশ্বের সকলি চিন্ময়
পৃথিবীর ধূলিকণা সেও জ্যোতির্ময়।
অসীমে সীমায় মিলি মৃত্যুতে  অমৃতে
আনন্দ-বীণায় বাজে তোমার সঙ্গীতে।
মরণ মরণই নয় শুধু আসা-যাওয়া
পৃথিবীর পথ শুধু সুরে সুরে হাওয়া
পৃথিবী-পথিক তুমি পৃথিবীর কবি
গানে সুরে আঁকি গেলে পৃথিবীর ছবি।
কবি হেমলতা ঠাকুরের সাথে আমরাও বলি, হে পৃথিবী পথিক তুমি নিয়ত আমাদের পথ চলার আনন্দ দিচ্ছ, পথ চলতে শিখিয়েছ, আবার তুমিই হে চির পথিক আমাদের ঘর ছেড়ে পথে নামার ডাক দিয়ে যাও...
গান - ৮
তুমি     ডাক দিয়েছ কোন্‌ সকালে কেউ তা জানে না,
আমার  মন যে কাঁদে আপন মনে কেউ তা মানে না ॥
ফিরি আমি উদাস প্রাণে,   তাকাই সবার মুখের পানে,
তোমার মতো এমন টানে   কেউ তো টানে না ॥
বেজে ওঠে পঞ্চমে স্বর,   কেঁপে ওঠে বন্ধ এ ঘর,
বাহির হতে দুয়ারে কর   কেউ তো হানে না।
আকাশে কার ব্যাকুলতা
,   বাতাস বহে কার বারতা,
এ পথে সেই গোপন কথা   কেউ তো আনে না ॥
রাগ: পিলু-ভীমপলশ্রী; তাল: দাদরা; রচনাকাল (বঙ্গাব্দ): 1318; রচনাকাল (খৃষ্টাব্দ): 1911; স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
জীবন মানে পথ চলা। পথ চলতে চলতে দিন ফুরায় রাত্রি নামে। অন্ধ ভয়ে ভরা রাতে বন্ধুর পথে ভয়-ত্রস্ত প্রাণে আমরা পথ চলি এই চির পথিকের ডাক শুনে। সেই ‘ডাক’ই আমাদের ‘সঙ্গী সংগীত’। যা নানা দুঃস্বপ্নের কুয়াশায় বার বার হারিয়েও নূতন ভাবে আমরা আবিষ্কার করি। যেমন করেছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী...
কবিতা – ৮
তবু কিছু শান্তি, এই দুর্দিনের মেঘের আড়ালে
সুবর্ণ-সূর্যের ছটা ঝিলিমিলি আশ্বাসে হঠাৎ
ভেসে ওঠে। মনে হয় এই অন্ধ ভয়ে ভরা রাত
সমস্ত দুঃস্বপ্ন নিয়ে মুছে যাবে। সারাক্ষণ আর
জীবনের শত্রুতার পথে পথে সর্বনাশা জালে
শিকার খুঁজবে না। যেন প্রত্যুষের আশীর্বাদ নিয়ে
দুঃসহ গ্লানির শেষে ভেসে এর সুরের ঝঙ্কার
মাতালের উচ্ছৃঙ্খল অসংবৃত প্রলাপ থামিয়ে।।
জীবনের পথ চলার নানা দুঃসহ গ্লানির শেষে ওই যে ভেসে আসে সুরের ঝঙ্কার সেই ঝঙ্কারই আমাদের সঙ্গী সংগীত। ‘রবীন্দ্র সংগীত’।
কবির স্থির প্রত্যয় তাঁর গানকে আমরা ভুলতে পারবই না। আমাদের গাইতেই হবে সেই গান। তাই প্রতিদিন যাপনের আনন্দগান আমরা নূতন করে ফিরে পাই আবিষ্কার করি আমাদের স্বত্বাকে। ফিরে পাই আমাদের চিরকালের ধ্রুবতারা, আমাদের মনের প্রাণের মানুষটিকে। যিনি আমাদের ভালোবাসার ধন...
গান - ৯
তোমায়     নতুন করেই পাব বলে হারাই ক্ষণে ক্ষণ
ও মোর      ভালোবাসার ধন।
দেখা দেবে বলে তুমি হও যে অদর্শন
,
ও মোর      ভালোবাসার ধন॥
ওগো       তুমি আমার নও আড়ালের,  তুমি আমার চিরকালের--
ক্ষণকালের লীলার স্রোতে হও যে নিমগন
,
ও মোর      ভালোবাসার ধন॥
আমি        তোমায় যখন খুঁজে ফিরি ভয়ে কাঁপে মন--
প্রেমে আমার ঢেউ লাগে তখন।
তোমার     শেষ নাহি
, তাই শূন্য সেজে শেষ করে দাও আপনাকে যে,
ওই হাসিরে দেয় ধুয়ে মোর বিরহের রোদন
,
ও মোর     ভালোবাসার ধন॥
রাগ: খাম্বাজ; তাল: কাহারবা; রচনাকাল (বঙ্গাব্দ): ২০ ফাল্গুন, ১৩২১; রচনাকাল (খৃষ্টাব্দ): ৩ মার্চ, ১৯১৫; রচনাস্থান: সুরুল; স্বরলিপিকার: ইন্দিরা দেবী
আর এই গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবন খানি, তখন তারে চিনি, আমি তখন তারে জানি আর এই চেনাজানার দোলাচলে দুলে সাঁঝের বেলায় এই গানের তাঁর মুখোমুখি আমরা দারাই। যেমন দাঁড়িয়েছিলেন কবি সুব্রত রুদ্র...
কবিতা – ৯
রবীন্দ্রনাথের সঙ্গে আমার দেখা হয়েছিল দু-বার
আমার স্ত্রীর মৃত্যুর অল্প দিন আগে
ক্যান্সার হাস্‌পাতালের সামনে,  কিছুটা ক্লান্ত ভাবে বসেছিলেন
একটি ফুলের গাছ তাঁর শাখা প্রশাখা মেলে দিয়েছিল
তাঁর মাথার উপর; শাখা গুলিতে গুচ্ছ গুচ্ছ লাল ফুলের স্তবক
আর সেই লাল ফুলের দিকে চেয়ে বসেছিলেন তিনি।
সন্ধেবেলা, তাঁর সঙ্গে সেই আমার শেষ দেখা।
আর একবার খুব ছেলেবেলায়, অসুখের সময়
বিছানার পাশে বসে তাঁর নতুন কত সব লেখা
আমাকে যেন শুনিয়েছিলেন।।
 গান - ১০
আমার একটি কথা বাঁশি জানে, বাঁশিই জানে।।
ভরে রইল বুকের তলা,
কারো কাছে হয়নি বলা,
কেবল বলে গেলেম বাঁশির কানে কানে।।
আমার চোখে ঘুম ছিল না গভীর রাতে,
চেয়ে ছিলেম চেয়ে-থাকা তারার সাথে।
এমনি গেল সারা রাতি,
পাই নি আমার জাগার সাথি-
বাঁশিটিরে জাগিয়ে গেলেম গানে গানে।।
রাগ: ভৈরবী; তাল: দাদরা; রচনাকাল (বঙ্গাব্দ): ভাদ্র, ১৩২২; রচনাকাল (খৃষ্টাব্দ): সেপ্টেম্বর, ১৯১৫; রচনাস্থান: শান্তিনিকেতন; স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
যে বাঁশি কবি জাগিয়ে গেলেন তাঁর না বলা কথায় সুরে, সেই ছোট্ট বাঁশি নানা তালে বাজালেন আমাদের জীবন সঙ্গীতে। সেই সংগীতের অমৃত পরশে আমরা হয়ে উঠি অনন্ত অশেষ...
গান – ১১
আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব-
ফুরায়ে ফেলে আবার ভরেছ, জীবন নব নব ।।
কত-যে গিরি কত-যে নদী-তীরে
বেড়ালে বহি ছোটো এ বাঁশিটিরে,
কত-যে তান বাজালে ফিরে ফিরে
কাহারে তাহা কব ।।
তোমারি ওই অমৃতপরশে আমার হিয়াখানি
হারালো সীমা বিপুল হরষে, উথলি উঠে বাণী ।
আমার শুধু একটি মুঠি ভরি
দিতেছ দান দিবস-বিভাবরী-
হল না সারা কত-না যুগ ধরি
কেবলই আমি লব ।।
রাগ: ছায়ানট; তাল: ঝম্পক; রচনাকাল (বঙ্গাব্দ): ৭ বৈশাখ, ১৩১৯; রচনাকাল (খৃষ্টাব্দ): 1912; রচনাস্থান: শান্তিনিকেতন; স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর, ভীমরাও শাস্ত্রী
ঘুমহারা সেই বাঁশির অনন্ত সুরধারা ভাসে আমাদের চারপাশে। কোনও এক অসতর্ক মূহুর্তে সে সুর আমাদের বুকে চমক দিয়ে জাগায়। যেমন জাগিয়েছিল কবি অচিন্ত্যকুমার সেনগুপ্তকে...
কবিতা – ১০
আমি ত ছিলাম ঘুমে
তুমি মোর শির চুমে
গুঞ্জরিলে কি উদাত্ত মহামন্ত্র মোর কানে কানে,
চলো রে অলস কবি
ডেকেছে মধ্যাহ্ন রবি
হেথা নয় হেথা নয়
অন্য কোথা অন্য কোনোখানে
আমারে জাগায়ে দিলে
চেয়ে দেখি এ নিখিলে
সন্ধ্যা ঊষা বিভাবরী বসুন্ধরা বধূ বৈরাগিনী
জলে স্থলে নভতলে
গতির আগুন জ্বলে
কূল হতে নিল মোরে
সর্বনাশা গতির তটিনী
তুমি ছাড়া কে পারিত
নিয়ে যে তে অবারিত
মরণের মহাকাশে মহেন্দ্রের মন্দির সন্ধানে
তুমি ছাড়া আর কার
এ উদাত্ত হাহাকার
হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনও খানে।।
হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনও খানে – রুদ্ধ বাণীর এই হাহাকারের কাঁদন যখন আমাদের মনে জেগে ওঠে, তখন কবিই সেই বিষম বাঁধা বন্ধন দূর করে দিয়ে গেয়ে ওঠেন, গানে গানে তব বন্ধন যাক টুটে...
গান – ১২
গানে গানে তব বন্ধন যাক টুটে
রুদ্ধবাণীর অন্ধকারে কাঁদন জেগে উঠে।।
বিশ্বকবির চিত্তমাঝে ভুবনবীণা যেথায় বাজে
জীবন তোমার সুরের ধারায় পড়ুক সেথায় লুটে।।
ছন্দ তোমার ভেঙে গিয়ে দ্বন্দ্ব বাধায় প্রাণে,
অন্তরে আর বাহিরে তাই তান মেলে না তানে।
সুরহারা প্রাণ বিষম বাধা- সেই তো আঁধি, সেই তো ধাঁধা-
গান-ভোলা তুই গান ফিরে নে, যাক সে আপদ ছুটে।।
রাগ: আশাবরী-ভৈরবী; তাল: দাদরা; রচনাকাল (বঙ্গাব্দ): ৮ আশ্বিন, ১৩৩৩; রচনাকাল (খৃষ্টাব্দ): ২৫ সেপ্টেম্বর, ১৯২৬; রচনাস্থান: ডুসেলডর্ফ; স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
গান-ভোলা আমরা পরশ পাথরের মতো সে আনন্দ গান বারংবার ফিরে পেয়ে নিজেকেই নিজে বলি,
একমনে তোর একতারাতে একটি যে তার সেইটি বাজা
যেন রে তোর হৃদয় জানে হৃদয়ে তোর আছেন রাজা
একতারাতে একটি যে তার আপন মনে সেইটি বাজা।
সেই হৃদয় রাজার উদ্দেশ্যে আমাদের একতারার একমাত্র তারটি যখন বেজে ওঠে তখন সে বলে...
গান – ১৩
চিরসখা, ছেড়ো না মোরে ছেড়ো না ।
সংসারগহনে নির্ভয়নির্ভর, নির্জনসজনে সঙ্গে রহো ।।
অধনের হও ধন, অনাথের নাথ হও হে, অবলের বল ।
জরাভারাতুরে নবীন করো ওহে সুধাসাগর ।।
রাগ: বেহাগ; তাল: ত্রিতাল; রচনাকাল (বঙ্গাব্দ): 1305; রচনাকাল (খৃষ্টাব্দ): 1899; স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন
আমাদের অন্তরে পরাণে নির্ভয় নির্ভর সেই চিরসখার বাস। তিনি পান্থজনের সখা, তাঁর সঙ্গ-সুধারসে, তাঁর অমৃত পরশে আমরা উপলব্ধি করি, আমাদের তিনি তাঁর সৃষ্টির মতোই অশেষ করেছেন...
গান – ১৪
শেষ নাহি যে, শেষ কথা কে বলবে?
আঘাত হয়ে দেখা দিল, আগুন হয়ে জ্বলবে।।
সাঙ্গ হলে মেঘের পালা শুরু হবে বৃষ্টি-ঢালা,
বরফ-জমা সারা হলে নদী হয়ে গলবে।।
ফুরায় যা তা ফুরায় শুধু চোখে,
অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে।
পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে,
জীবন ফুল ফোটা হলে মরণে ফল ফলবে।।
রাগ: মিশ্র খাম্বাজ; তাল: কাহারবা; রচনাকাল (বঙ্গাব্দ): ২৮ ভাদ্র, ১৩২১; রচনাকাল (খৃষ্টাব্দ): ১৪ সেপ্টেম্বর, ১৯১৪; রচনাস্থান: সুরুল; স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর


সমাপ্ত।

Followers